আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): গত শুক্রবার নিউজল্যান্ডের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলার পর এদেশের ৩৫০ জন নাগরিকের ইসলাম ধর্ম গ্রহণের তথ্য ভাইরাল হয়েছে দেশটির সোশ্যাল মিডিয়ায়।
এ বিষয়ক একটি পোস্টে বলা হয়েছে: ‘আপনারা কি জানেন, গতকাল নামাজরত অবস্থায় মুসল্লিদের উপর হামলা চালিয়ে তাদের ৫০ জনকে হত্যা করা হয়েছে, কিন্তু আজ নিউজল্যান্ডে ৩৫০ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন?
সদ্য ইসলাম ধর্ম গ্রহণ করা বেশ কয়েকজন নারীর ছবিও প্রকাশ করা হয়েছে এ বিষয়ক বিভিন্ন পোস্টে; যারা নিউজল্যান্ডের অধিবাসী এবং শ্বেতাংগ। তারা কেউ হিজাব পরে আবার কেউ কুরআন হাতে নিয়ে নিজেদের ইসলাম গ্রহণের বিষয়টি প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ শুক্রবার নিউজল্যান্ডের ক্রাইস্টচার্চ শহরের দু’টি মসজিদে জুমআর নামাযের সময় নৃশংস সন্ত্রাসী হামলা চালানো হয়। এতে প্রায় ১ শতাধিক ব্যক্তি হতাহত হয়েছে।
হামলায় জড়িত সন্দেহে আটক এক ব্যক্তি অস্ট্রেলিয়ার নাগরিক বলে নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি বলেন, হামলাকারী ‘একজন চরম ডানপন্থি নৃশংস সন্ত্রাসী’।
আল নূর মসজিদে হামলাকারী তার হেলমেটে বসানো ক্যামেরায় গুলি চালানোর পুরো দৃশ্য সরাসরি সম্প্রচার করে। প্রায় ১৭ মিনিটের ওই লাইভে অটোমেটিক রাইফেলধারী ওই ব্যক্তি নিজের নাম বলেছে ‘ব্রেন্টন ট্যারেন্ট’। ২৮ বছর বয়সের শ্বেতাঙ্গ ওই হামলাকারীর জন্ম অস্ট্রেলিয়ায়।#